আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল নারীদের তৈরী পণ্য নিয়ে 'জয়ী ঈদ আনন্দ মেলা ২০১৯'। গত ৩ ও ৪ মে রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে অবস্থিত রাপা প্লাজার পিছনে মাইডাস সেন্টারে 'জয়ী ফর ওমেন্টস এন্টারপ্রেসার' এর আয়োজনে অনুষ্ঠিত হয় দুইদিনব্যাপী এই মেলা।
প্রায় ৩০টি স্টল নিয়ে সেজেছে জয়ী ঈদ আনন্দ মেলা। উদ্যোগটি নিয়ে জয়ীর চেয়ারপারসন শানাজ স্মৃতি জানান, 'নারী উদ্যোক্তাদের নিয়ে প্রাথমিকভাবে এ মেলার আয়োজন করেছে জয়ী। ধীরে ধীরে এর পরিসার আরও বাড়বে। ঈদকে কেন্দ্র করে মানুষের কেনাকাটা জমে উঠে। মেলায় তাই প্রতিটি স্টলে সর্বোচ্চ ছাড়ে পর্ণ ক্রয় করার সুবিধা দেওয়া হচ্ছে ক্রেতাদের। নারীদের পাশে দাঁড়িয়ে তাদের সর্বোচ্চ সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে জয়ী প্রতিষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে আগামীতে জয়ীর পক্ষ থেকে আরও বড় বড় উদ্যোগ নেওয়া হবে।'
উল্লেখ্য, নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে 'জয়ী ফর ওমেন্টস এন্টারপ্রেসার'। প্রতিষ্ঠানটি নতুন হলেও ইতিমধ্যেই সাড়া জাগিয়েছে নারী উদ্যোক্তাদের মাঝে। আর নারী উদ্যোক্তাদের নিয়ে কাজের অংশ হিসেবেই তাদের তৈরী পণ্য নিয়ে এই মেলার আয়োজন করে প্রতিষ্ঠানটি, যেখানে নারী উদ্যোক্তারা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের বাহারি পণ্যের স্টল নিয়ে হাজির হয়েছিলেন।
ইত্তেফাক/জেডএইচডি
