দশ মামলায় শওকত মাহমুদের জামিন

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২২:৪৫

রাজধানীর বিভিন্ন থানায় দায়েরকৃত নাশকতার দশটি মামলায় ছয় সপ্তাহের জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ। এছাড়া দেশের বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায় বিএনপির কয়েকশত নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার হাইকোর্টের পৃথক পৃথক বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন।

এছাড়া রাজধানীর দারুসসালাম থানায় করা ১৫টি নাশকতার মামলায় হানিফ পরিবহনের মালিক বিএনপি নেতা কফিলউদ্দিনকে ছয় সপ্তাহের জামিন দেওয়া হয়েছে। তার আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

আইনজীবীরা জানিয়েছেন, চট্টগ্রামের পতেঙ্গা থানার নাশকতার মামলায় ৮০ জন, কুমিল্লার দক্ষিণ সদর থানার মামলায় ২৩ জন, ভৈরব থানার মামলায় ৪৬ জনকে জামিন দেওয়া হয়েছে।