সু চি এনএলডির সভাপতি পদে পুনঃনির্বাচিত

আপডেট : ১০ মার্চ ২০১৩, ২২:২৪
মিয়ানমারে শান্তিতে নোবেল বিজয়ী অংসান সুচি বিরোধী দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সভাপতি হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার রেঙ্গুনে দলের সম্মেলনের শেষ দিনে প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে তাকে পুনঃনির্বাচিত করেন। এর আগের দিন সুচি সবাইকে একত্র হয়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানান। খবর বিবিসির। দলটি আগামী ২০১৫ সালের নির্বাচন উপলক্ষে কার্যক্রম চালাচ্ছে। দলটির ১৫ সদস্যের নির্বাহী কমিটিতে ৪ জন নারী সদস্য রয়েছেন। গত বছরের সংসদ নির্বাচনে সুচি সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০১০ সালের নির্বাচনে তার দল অংশ নেয়নি। শনিবার সম্মেলনে সুচি তার দলে কোন্দল রয়েছে উল্লেখ করে বলেন, দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি এক্ষেত্রে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান। সুচি আরো বলেন, এবারের সম্মেলনে প্রতিনিধিরা যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করেছেন যারা দল ও দেশের সেবা করবে। সম্মেলনে প্রায় ৯ শত প্রতিনিধি অংশ নেন। দলটির সারাদেশে প্রায় ১২ লাখ সদস্য রয়েছে বলে ধারণা করা হয়। আগামী দুই বছর তিনি দলটির সভাপতির দায়িত্ব পালন করবেন। ১৯৯০ সালের সংসদ নির্বাচনে সুচির দল বিজয়ী হলেও সামরিক সরকার তাকে সরকার গঠন করতে দেয়নি। ১৯৮৯ সালের ২০ জুলাই গৃহবন্দী হন তিনি। গত ২১ বছরের মধ্যে ১৫ বছর গৃহবন্দী থাকেন। ২০১০ সালের ১৩ নভেম্বর মুক্তি পান।