সংখ্যালঘুদের বাড়িঘরে ও মন্দিরে হামলার জন্য জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করে যে অভিযোগ করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের কেন্দ ীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আযাদ এমপি।
গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, সারাদেশে সংখ্যালঘুদের মন্দিরে ও বাড়িঘরে আওয়ামী লীগের সন্ত্রাসীরাই হামলা চালিয়ে এখন উদোরপিন্ডি বুদোরঘাড়ে চাপানোর মত জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তারা অতীতের মত জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রচার করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ড: মহীউদ্দিন খান আলমগীর ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড: মিজানুর রহমানের বক্তব্যে এবং বিবিসি ও একটি পত্রিকার প্রতিবেদনে সংখ্যালঘুদের বাড়িঘরে ও মন্দিরে হামলার জন্য জামায়াত ও ছাত্রশিবিরকে দায়ী করে যে অভিযোগ করা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সম্পর্কে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, দেশের কোথাও কোন সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দিরে ও বাড়িঘরে জামায়াত ও ছাত্রশিবিরের কর্মীরা হামলা করেনি। আমি তাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, তারা তাদের অভিযোগের সত্যতা কখনো প্রমাণ করতে পারবেন না। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, বিবিসি ও একটি প্রতিবেদনে স্বরাষ্ট্রমন্ত্রীর মিথ্যা বক্তব্যই প্রতিধ্বনিত হয়েছে। তাদের সকলের বক্তব্য একই সূত্রে গাঁথা।
