দোষ স্বীকার করে পাঁচ আসামির জবানবন্দি

আপডেট : ১০ মার্চ ২০১৩, ২২:২৬
ব্লগার রাজীব হত্যার ঘটনায় দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থী। সাত দিনের রিমান্ড শেষে আসামিরা স্বেচ্ছায় আদালতে দোষ স্বীকার করতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মাঈনুল ইসলাম গতকাল রবিবার দুপুরে তাদের আদালতে হাজির করেন। এরপর ঢাকার মহানগর হাকিম হারুন অর রশীদ তাদের জবানবন্দি নথিভুক্ত করেন। গতকাল দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তাদের জবানবন্দি নেয়া হয়। জবানবন্দিতে তারা ব্লগার রাজীব হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়ার কথা স্বীকার করেছেন। উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি মিরপুরে নিজ বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় আহমেদ রাজীব হায়দারকে। এরপর গত ১ মার্চ ঢাকার বিভিন্ন স্থান থেকে গোয়েন্দা পুলিশ এই পাঁচজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে দুইটি চাপাতি, চারটি চাকু, একটি বাইসাইকেল, এক জোড়া কেডস, সাতটি বিভিন্ন ধরনের মোবাইল ফোনসেট এবং একটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। ওই পাঁচ ছাত্র হলেন- ফয়সাল বিন নাইম ওরফে দীপ (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসান রেজা রুম্মান (২৩), নাঈম সিকদার ইরাদ (১৯) ও নাফিস ইমতিয়াজ (২২)। এদের মধ্যে দীপ ও নাঈম ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, রুম্মান ও ইরাদ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নাফিস বিবিএর ছাত্র। গ্রেফতারের পর তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।