রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলো শাখা ছাত্রলীগের সভাপতি শাহ মুহাম্মদ সেলিমের কক্ষে ভাঙচুর করে আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে নিজ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতির সঙ্গে অশালীন আচরণ করায় দলীয় নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিনসহ ৮/১০ জন ছাত্রলীগ নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি শাহ মুহাম্মদ সেলিমের ২২৮ নম্বর কক্ষে গিয়ে টেবিল, চেয়ারসহ আসবাবপত্র ভাঙচুর করেন। জিনিসপত্র কক্ষ থেকে বারান্দায় এনে আগুন ধরিয়ে দেয়। হলের প্রহরী এবং পুলিশ আগুন নিভিয়ে দিলেও সবকিছু পুড়ে যায়।
ছাত্রলীগের সভাপতি আহম্মদ আলী জানান, সেলিমের কারণে বিভিন্ন সময়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এজন্য ওকে সাবধান হতে বলি। এরপর সে আমাকে ফোন করে খারাপ আচরণ করে। এতে কয়েকজন নেতাকর্মী উত্তেজিত হয়ে তার কক্ষে হালকা ভাঙচুর করে। তবে বিষয়টি সমাধান করা হয়েছে।
শাহ সেলিম জানান, ক’দিন থেকে সভাপতি আমাকে না জানিয়ে হলে অবস্থান করছে। এ বিষয়ে সভাপতির কাছে জানতে চাইলে তার কর্মীরা ক্ষুব্ধ হয়ে আমার কক্ষে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। প্রাধ্যক্ষ এস এম জাহিদ হোসেন বলেন, তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
