যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ ফকল্যান্ডের অধিবাসীদের ভাগ্য নির্ধারণে গণভোট শুরু হয়েছে। গতকাল রবিবার শুরু হওয়া এ ভোট আজ সোমবারও চলবে। আজ রাতে ফল ঘোষণা করা হতে পারে। দ্বীপের অধিবাসীরা যুক্তরাজ্যের অধীনে থাকতে চান কিনা সেই বিষয়ে এই গণভোট। তবে আর্জেন্টিনা এই গণভোট প্রত্যাখান করেছে। খবর বিবিসি ও টাইমস অব ইন্ডিয়ার।
দুই হাজার ৯শ’ জনসংখ্যার মধ্যে ১ হাজার ৬৭২ জন যুক্তরাজ্যের নাগরিক ভোট দিতে পারবে। বিদেশী ভূখণ্ড যুক্তরাজ্যের অধীনে থাকতে চায় কিনা সেই বিষয়ে হ্যাঁ এবং না ভোটের ভিত্তিতে এ গণভোট অনুষ্ঠিত হচ্ছে। চিলি এবং মেক্সিকোসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণ করছেন। আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি ক্রিস্টনার বলেছেন, ভূখণ্ড গত ইস্যুর সঙ্গে এখানকার বাসিন্দাদের ইচ্ছার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তেল সমৃদ্ধ এ দ্বীপপুঞ্জ ৭৪ দিন যুদ্ধ করে ৩০ বছর পর ১৯৮২ সালে আর্জেন্টিনার কাছ থেকে দখলে নেয় যুক্তরাজ্য। ফকল্যান্ডে ব্রিটিশ প্রতিনিধি সুকে ক্যামেরন বলেন, ফকল্যান্ড ভবিষ্যতে স্বাধীন হবে। এজন্য ৫০, ৭০ কিংবা একশ বছর সময় লাগতে পারে। ২০১২ সালের জুনে এই গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় ফকল্যান্ড সরকার।
