ভিড় ভাট্টার মাঝে নিজের ওয়ালেট আর একগাদা জরুরি কাগজ হারিয়ে ফেলার চেয়ে খারাপ আর কি-ই বা হতে পারে। আর এসব ক্ষেত্রে যখন টাকার পাশাপাশি হাতছাড়া হয় ক্রেডিট কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্সের মতো স্পর্শকাতর সব ডকুমেন্ট তখন বিপদের মাত্রাটাও বহুগুণ বেড়ে যায়। তবে এমনতর এক বিপদের শেষে ঘটনাক্রমে নিজের ড্রাইভিং লাইসেন্স আর সেই সূত্রে চুরি যাওয়া সকল সামগ্রীর চোরকে অবিশ্বাস্যভাবে খুুঁজে পেয়ে ব্যতিক্রমী এক সংবাদের জন্ম দিয়েছেন আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের অধিবাসী ব্রিয়ানা প্রিডি। ঘটনার বিবরণে জানা যায়, কিছুদিন আগে বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়ে নিজের ওয়ালেট আর জরুরি বেশ কিছু কাগজ হারিয়ে ফেলেন প্রিডি। ওয়ালেটে থাকা অনেকগুলো টাকা আর ড্রাইভিং লাইসেন্স হারিয়ে যখন মুষড়ে পড়েছিলেন প্রিডি তখনই ব্যাংক থেকে তার নাম ভাঙিয়ে কেউ একজন টাকা তোলার চেষ্টা করছেন বলে খবর আসে প্রিডির কাছে। ফলে তার ওয়ালেট আর ক্রেডিট কার্ড যে সংঘবদ্ধ কোনো চোরেদের হাতেই পড়েছে সেটি একরকম নিশ্চিত হন প্রিডি। আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান স্থানীয় পুলিশ দপ্তরেও। কিন্তু এর প্রায় সপ্তাহদুয়েক পর নিজের কর্মস্থল অ্যাপলবি রেস্টুরেন্টে দায়িত্ব পালনের সময়ই অদ্ভুতুরে এক ঘটনার মুখোমুখি হন প্রিডি। রেস্তোরাঁয় এসে একদল লোক যখন পানীয়র জন্য অর্ডার করে তখন নিয়মানুযায়ী তাদের যেকোনো একটি পরিচয়পত্র দেখতে চান প্রিডি। আর এই দলের মধ্য থেকেই এক মহিলা প্রিডির দিকে বাড়িয়ে দেন তারই হারিয়ে যাওয়া ড্রাইভিং লাইসেন্সটি। মহিলা হয়তো ভেবেছিলেন যে, রেস্তোরাঁর ভিড়-ভাট্টার মধ্যে ছবি ভালো করে মিলিয়ে না দেখেই পানীয় সরবরাহ করা হবে তাকে। কিন্তু যাকে এই ড্রাইভিং লাইসেন্স এগিয়ে দিচ্ছেন তার চেহারার দিকেই ভালো করে লক্ষ্য করতে ভুলে গিয়েছিলেন ওই মহিলা। তবে ঘটনাটি ঠান্ডা মাথায় বিবেচনা করে ওই মহিলাকে একটু অপেক্ষা করতে বলেই রেস্তোরাঁর পেছনের দিকে চলে যান প্রিডি। সাথে সাথেই বিষয়টি জানান নিকটস্থ পুলিশ স্টেশনে। আর যে সময়ের মধ্যে ওই মহিলা পানীয় গ্রহণ করছিলেন ততক্ষণে তাকে গ্রেফতার করার জন্য পুলিশের উপস্থিত হতে দেরি হয়নি। তবে অভিনব এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে স্থানীয় পুলিশের এক মুখপাত্র ওই মহিলাকে ‘বোকা অপরাধী’ বলে আখ্যায়িত করে জানিয়েছেন, যার সামনে চুরি করা মিথ্যা একটি ড্রাইভিং লাইসেন্স বাড়িয়ে দেওয়া হচ্ছে তার চেহারা চিনতে না পারাটা খুবই অদ্ভুত।
