নখ সুন্দর না হলে দেখতে খারাপ লাগে। সুন্দর নখ সব সময় আপনার সৌন্দর্যে যোগ করবে বাড়তি আবেদন। কীভাবে নেবেন নখের যত্ন—তা নিয়ে লিখেছেন নওশীন শর্মিলী
হাতের সৌন্দর্য অনেকটাই মাটি হয়ে যায় যদি আপনার নখের স্বাস্থ্য ভালো না থাকে। সুন্দর ম্যানিকিওরের মাধ্যমে আপনি নখের সৌন্দর্য বজায় রাখতে পারবেন। তখন নখের জন্য বাড়তি নেল আর্টের প্রয়োজন হবে না। ট্রান্সপারেন্ট গ্লসের হালকা প্রলেপেই আপনার নখকে করে তুলবে আকর্ষণীয়। আর মাঝে মাঝে অনুষ্ঠান এবং পোশাক অনুযায়ী মানানসই নেলপলিস লাগাতে পারেন। ট্রান্সপারেন্ট গ্লস অথবা নেল এনামেলে মতো এসব এক্সট্রা স্টাইলিং থেকে আপনার সুন্দর নখেই রয়েছে ন্যাচারাল বিউটি। কিন্তু এই দিকটাকে আমরা গুরুত্বের সাথে দেখি না। নেলপলিশ লাগানো নখ দেখতেই আমরা বেশি অভ্যস্ত হয়ে উঠেছি। নিয়ম করে নেলপলিশ বদলানো, অথবা মাঝে মাঝে শখের নেল আর্ট—এই সবই আমরা করে থাকি। কেউ কেউ তো সপ্তাহে দু’তিনবারও নেল পলিশ বদলে থাকেন। বিভিন্ন ব্যান্ডের বিস্তৃত কালার প্যালেট থেকে বেছে নেওয়ার সুযোগ তো রয়েছেই। কিন্তু এই নেলপলিশ বদলাবার ফাঁকে কখনও কি খেয়াল করে দেখেছেন আপনার নখের স্বাস্থ্য কতটা ভালো আছে? মনে হতেই পারে নখের আবার স্বাস্থ্য কী! এই প্রশ্ন যাদের মনে উঁকি দিচ্ছে তাদেরকে বলছি—আরও একবার ভালো করে ভাবার সময় বোধহয় এসে গিয়েছে। চুলের যত্ন কিংবা ত্বকের যত্নের পাশাপাশি নখের স্বাস্থ্যের দিকে সমান নজর এবং গুরুত্ব দেওয়া প্রয়োজন। আমাদের নখ কেরাটিন নামক একটি প্রোটিন লেয়ার দিয়ে তৈরি। কিউটিকল বেসে নতুন সেল জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে পুরোনো সেল শক্ত হয়ে ফিঙ্গার টিপের দিকে এগিয়ে আসে। স্বাস্থ্যজ্জ্বল নখ স্মুথ হয় এবং কোনোরকম ডিসকালারেশন থাকে না। কিন্তু নখের সঠিক যত্ন না নিলে নখ ভঙ্গুর হয়ে যাওয়ার পাশাপাশি নখের রং নষ্ট হয়ে যেতে পারে। সেইসাথে কখনও কখনও নখের স্মুথনেসও নষ্ট হয়ে যায়। এটা বলার অপেক্ষা রাখে না যে, আমরা কেউই চাই না খারাপ নখের জন্য আমাদের হাত দেখতে খারাপ লাগুক। কিন্তু আমরা হয়তো এটা বুঝতে পারি না যে, ঠিক কী ধরনের যত্ন প্রয়োজন আমাদের নখের।
নখ ভালো রাখতে কয়েকটি পরামর্শ—
নখ সব সময় পরিষ্কার এবং শুকনা রাখতে হবে।
ভেজা নখ অনেক সময় ব্যাকটেরিয়া জন্মায়। তা থেকে ইনফেকশনের সম্ভাবনা তৈরি হয়।
ম্যানিকিউর ক্লিপার দিয়ে নিয়মিত নখ কেটে নেল ফাইলার দিয়ে শেপ করবেন।
নখ কাটার আগে হালকা গরম পানিতে নখ কিছুক্ষণ ভিজিয়ে নেবেন। এতে নখ নরম হবে এবং নখ কাটতে সুবিধা হবে।
কোনো কিছুতে ধাক্কা লেগে কিংবা কোনো কারণে নখ ভেঙে গেলে টেনে ছিড়বেন না। সাবধানে নেল ক্লিপার দিয়ে কেটে নেবেন।
সব সময় নেল পলিশ ব্যবহার না করাই ভালো। এতে নখের স্বাভাবিক রং নষ্ট হয়ে যায়।
দু’প্তাহ অন্তর অন্তর নেল পলিশ তুলে ফেলুন।
মাঝে মাঝে নেল পলিশ ব্যবহার না করে এমনিতেই রাখবেন। এতে নখে আলো বাতাস লাগবে, যা নখ ভালো রাখতে সাহায্য করে।
দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস থাকলে তা যত তাড়াতাড়ি ছাড়বেন ততই ভালো।
প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে পেট্রোলিয়াম জেলি অথবা ময়েশ্চারাইজার দিয়ে কিউটকলস ম্যাসাজ করা ভালো।
নেল পলিশ রিম্যুভার কম ব্যবহার করা ভালো। এটা বেশি ব্যবহারে আপনার নখের ন্যাচারাল ময়েশ্চারাইজার নষ্ট হয়ে যাবে।
সাবান দিয়ে হাত ধোয়ার পর অবশ্যই লোশন লাগাবেন।
