রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোজাম্মেল হক (৪৮)। তিনি গ্রামীণ ব্যাংকের রূপগঞ্জ শাখার একজন কর্মকর্তা। তিনি ধামরাই উপজেলার বাসিন্দা ছিলেন।
রবিবার সকাল ১০টার দিকে বিমানবন্দর এলাকার পদ্মা অয়েল পাম্প গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় মাজাম্মেল হককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর ২টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন: সংসদে না যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল: ফখরুল
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) শরিফ হোসেন জানান, সকালে বিমানবন্দর এলাকার পদ্মা অয়েল পাম্প গেটের সামনে একটি মোটরসাইকেলকে বাস ধাক্কা দিলে মোটরসাইকেলের আরোহী মোজাম্মেল হক আহত হন। পরে তাকে উত্তরা ওমেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই শরিফ। এ ছাড়া বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলেও জানান তিনি।
ইত্তেফাক/এমআই
