আবার হরতালের রাজনীতি

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২১:১৮
দেশের মানুষ আবার হরতাল-রাজনীতির জালে বন্দী হচ্ছে। আগের বিএনপি এবং আওয়ামী লীগের হরতালে এত বেশি সংখ্যক মানুষ হতাহতের ঘটনা ঘটতে দেখা যায়নি। দেশের রাজনীতি থেকে অবিলম্বে হরতালের মতো জঘন্য কর্মসূচি বাদ দিতে হবে। দেশের রাজনীতিবিদরা যদি এখনও সচেতন না হন তাহলে ১/১১ মতো ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করতে হতে পারে তাদের। বিএনপি বর্তমানে যে পথে হাঁটছে সেটা কতোটা যুক্তিযুক্ত তা ভাবার বিষয়। মনে রাখতে হবে বিএনপি একটি বড় দল। ভবিষ্যতে তাদের ক্ষমতায় যাওয়ার সুযোগ আছে। জনসাধারণ কোনো নৈরাজ্য পছন্দ করে না। তাই গতবারের জাতীয় নির্বাচনে জামায়াতকে চরমভাবে বয়কট করেছিল। সেসঙ্গে বিএনপি তাদের দোসর হওয়াতে তারাও তেমন একটা আসন পায়নি। কিন্তু তার পরও বিএনপির বোধোদয় হচ্ছে না কেন? জামায়াতের সঙ্গে বিএনপি যদি সুর মেলাতে যায় তাহলে বিএনপির ক্ষতির পরিমাণই বেশি হবে। এখানে জামায়াতের কিছু পাবার নেই। কিন্তু বিএনপি দেশের শক্তিশালী বিরোধী দল। সেখানে জামায়াত যদি নৈরাজ্য করে দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে তারা একটা সুযোগ পাবে। দেশে যদি আবার কোনো ধরনের সেনা শাসক আসে সেটা বিএনপি এবং আওয়ামী লীগ কারো জন্যই মঙ্গলজনক হবে না। মধ্য থেকে জামায়াত ফায়দা তুলে নেবে। তাই বর্তমানে বিএনপির রাজনীতিতে নতুনত্ব আনতে হবে। নোংরা সংস্কৃতি থেকে দলকে বের হতে হবে। মনে রাখতে হবে সরকারি দলে যারা থাকে জনগণের কাছে তাদের জবাবদিহিতা অনেক বেশি। তাদের অনেক ভুল থাকে। সেখান থেকে পুনরায় ক্ষমতায় আসা অনেক জটিল ব্যাপার। কিন্তু সে তুলনায় বিরোধী দলের কোনো জবাবদিহিতা নেই। সরকারি দলের প্রতি অনেক আক্রোশ থাকার কারণেই জনগণ বিকল্প কাউকে খুঁজতে থাকে। যা পূর্বেকার দুটি নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপির অভিজ্ঞতা হওয়ার কথা। এখন যদি বিএনপি দেশময় নৈরাজ্য শুরু করে তাহলে দেশকে স্থিতিশীল রাখতে সেনা শাসকের প্রয়োজন হবে। ক্ষমতা চলে যাবে তৃতীয় শক্তির হাতে। তখন দেশের রাজনীতিবিদরা তাদের আমলনামার হিসাব দিয়েই শেষ করতে পারবে না। তারা আবার ক্ষমতায় যাওয়ার চিন্তা করবে কখন? দেশের ভবিষ্যত্ নষ্ট করার অধিকার কোনো রাজনৈতিক দলের নেই। হরতালের যে ভয়াবহ চিত্র দেশবাসী অবলোকন করছে তাতে তারা এখন থেকেই হিসাব মেলাচ্ছে আগামীতে কাকে ভোট দেবে। সে হিসেবে নৈরাজ্য যারা করবে তাদের ভোট ব্যাংক শূন্য হবে এটাই বাস্তব। তাই জামায়াত বন্দনা থেকে বিরোধী দলকে বের হতে হবে। নিতে হবে সত্যিকারের দেশপ্রেমিকের ভূমিকা। নারায়ণগঞ্জ