নির্বাচনী হিসাব জমা না দেয়ায় তাড়াইলে ৫ প্রার্থীকে জেলহাজতে প্রেরণ

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২১:১৯
নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেয়ায় তাড়াইল উপজেলা নির্বাচনের পাঁচ প্রার্থীকে জেল হাজতে পাঠানো হয়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির এ প্রার্থীরা ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিশোরগঞ্জের ১ নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার তারা হাজির হলে বিচারক মুহাম্মদ আলী আহসান তাদের জামিন না-মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তারা হলেন— উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ভুঁইয়া কাঞ্চন, ভাইস চেয়ারম্যান প্রার্থী জাপার সাবেক সভাপতি আবদুল হক ভুঁইয়া, জাপার যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম খান আনছু ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন ভৌমিক। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০০৯ সালে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের এক মাসের মধ্যে নির্বাচনী ব্যয় জমা দেয়ার নিয়ম থাকলেও ২৫ জন প্রার্থী হিসাব জমা দেননি। পরে নির্বাচন কমিশনের নির্দেশে এ ২৫ জন প্রার্থীর বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। আদালতে হাজির না হওয়ায় উল্লেখিত আসামিদের বিরুদ্ধে পরে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।