নিষিদ্ধ পলিথিনে সয়লাব ঝিকরগাছার বাজার

আপডেট : ০৬ মে ২০১৯, ১৪:২৫

রমজানকে সামনে রেখে নিষিদ্ধ পলিথিনে সয়লাব যশোরের ঝিকরগাছার বিভিন্ন বাজার। নিয়মিত অভিযান না থাকায় পলিথিনের বিক্রি ও ব্যবহার আগের তুলনায় অনেকাংশে বেড়ে গেছে। ফলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছে সচেতন মহল।

 

খোঁজ নিয়ে জানা গেছে, শুধু ঝিকরগাছা উপজেলা সদরে নয়, উপজেলার বিভিন্ন হাট-বাজারে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রি ও ব্যবহার হচ্ছে আগের মতো।

 

এ বিষয়ে উপজেলার একাধিক মুদি ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‌‘পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর আমরা জানি। কিন্তু পলিথিনের বিকল্প আমরা কিছুই এ পর্যন্ত পাইনি। পলিথিন নিষিদ্ধ করার সময় বলা হয়েছিল পাটের ব্যাগ চালুর কথা। যা দামে সস্তা হবে বলা হলেও আজো পাওয়া যায়নি।’

 

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলাম বলেন, পলিথিন ব্যাগ বিক্রি ও ব্যবহার দণ্ডনীয় অপরাধ। এটি রোধ করতে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত আছে। শিগগিরই উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালানো হবে।

আরও পড়ুন: চকরিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক  

উল্লেখ্য, ২০০৪ সালে তৎকালীন চারদলীয় জোট সরকারের আমলে পরিবেশ রক্ষায় নিষিদ্ধ করা হয় যাবতীয় পলিথিন ব্যাগের ব্যবহার। ওই সময় পরিবেশ অধিদপ্তর এক প্রজ্ঞাপনের মাধ্যমে সব ধরনের পলিথিন শপিং ব্যাগ উৎপাদন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করে। 

 

 

ইত্তেফাক/কেকে