রাঙ্গামাটির লংগদুর মধ্যছড়া এলাকায় একদল অস্ত্রধারী অতর্কিত হামলায় অন্তত ৪ জন পাহাড়ি নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় লংগদু উপজেলার মধ্যছড়া গ্রামে প্রতিপক্ষ পাহাড়ি বন্দুকধারীদের হামলায় এ ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তাবাহিনীর একটি দল ও পুলিশ গিয়ে ঘটনাস্থলে ৪টি লাশ উদ্ধার করেছে।
নিহতরা হলেন জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের রাঙ্গামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুদীর্ঘ চাকমা এবং জীবন চাকমা, জ্ঞানেন্দু চাকমা ও আলো চাকমা ।
গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে লংগদু উপজেলার মধ্যছড়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের কয়েকজন নেতাকর্মী সাংগঠনিক কাজে সেখানে যান। এ সময় ১০ থেকে ১৫ জনের একদল সশস্ত্র সদস্য অতর্কিতে ব্রাশ ফায়ার করলে জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের রাঙ্গামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুদীর্ঘ চাকমাসহ এরা নিহত হন। সেনাবাহিনী ও পুলিশ নিহত ৪ জনের লাশ উদ্ধার করে।
পার্বত্য চুক্তি বিরোধী দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের নেতাকর্মীর হত্যার ঘটনায় জনসংহতি সমিতির সন্তু গ্রুপকে দায়ী করে ঘটনার নিন্দা জানিয়েছে। লংগদু সদর ইউপি চেয়ারম্যান সুখময় চাকমা ঘটনার সত্যতা স্বীকার করলেও কতজন নিহত ও আহত হয়েছে তা তিনি জানাতে পারেননি।
ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট রাঙ্গামাটি জেলা ইউনিট এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলে, সুদীর্ঘ চাকমা ও তার অপর সঙ্গীরা দজরপাড়া থেকে করল্যাছড়িতে সাংগঠনিক কাজে যাচ্ছিলেন। যাবার পথে মধ্যপাড়া নামক স্থানে পৌঁছলে বিনয় কৃষ্ণ চাকমা ওরফে রিনিউ (৪০) ও দর্শন চাকমার নেতৃত্বে ওঁত্ পেতে থাকা সন্তু গ্রুপের সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করে।
সাত সংগঠনের প্রতিক্রিয়া
রাঙ্গামাটির লংগদু উপজেলাধীন দজরপাড়া এলাকায় মধ্যছড়া আদামে জনসংহতি সমিতি এমএন লারমা গ্রুপের চার কর্মী খুন হওয়ায় মঙ্গলবার সংবাদপত্রে প্রদত্ত যুক্ত বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামের সাত সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম সভাপতি নতুন কুমার চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ সভাপতি সুমেন চাকমা ও সাধারণ সম্পাদক থুইক্য চিং, হিল উইমেন্স ফেডারেশন সহ:সভানেত্রী নিরূপা চাকমা, সাজেক নারী সমাজ সভানেত্রী নিরূপা চাকমা, সাজেক ভূমিরক্ষা কমিটি সভাপতি জ্ঞানেন্দু চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি আহ্বায়ক সুমতি চাকমা ও প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়াড সদস্য সচিব আনন্দ প্রকাশ চাকমা।
