হরতালে নৈরাজ্য ঠেকাতে দিনভর রাজপথেই ছিল ১৪ দল

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২২:২৪
পূর্ব ঘোষণা অনুযায়ী হরতালের নামে নৈরাজ্য প্রতিহত করতে গতকাল মঙ্গলবার ভোর থেকে দিনভর রাজপথে ছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ ১৪ দলের নেতা-কর্মীরা। রাজধানীর গুরুত্বপূর্ণ শতাধিক স্থানে হরতাল বিরোধী মিছিল সমাবেশ কর্মসূচিও পালন করেন তারা। সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে স্বেচ্ছাসেবক লীগ একটি হরতাল বিরোধী মিছিল বের করে। সেখান থেকে মিছিলটি প্রেসক্লাব, হাইকোর্ট এলাকা ঘুরে আবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ফিরে আসে। একই সময়ে এই এলাকাতেই একটি হরতাল বিরোধী মিছিল বের করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও লঞ্চঘাট শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা পৃথক পৃথক হরতাল বিরোধী মিছিল বের করে সকাল ১০টায়। এর আগে সকাল ৯টার দিকে মিরপুর ১০ নম্বরে যুবলীগ হরতাল বিরোধী মিছিল শেষে সমাবেশ করে। এদিকে গাবতলী বাস টার্মিনালের সামনে ও শ্যামলীতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সকাল থেকেই অবস্থান নিয়ে থাকতে দেখা যায়। রাজধানীর কারওয়ানবাজার এলাকায় সকাল সাড়ে ১০টায় ছাত্রলীগের নেতৃত্বে একটি হরতাল বিরোধী মিছিল বের হয়। মহাখালী এলাকায় তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বে হরতাল বিরোধী মিছিল হয়েছে।