যশোরে আওয়ামী লীগ নেতার ছেলেকে গুলি করে হত্যা

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২২:২৫
যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং পাবলিক প্রসিকিউটর এজেডএম ফিরোজের ছেলে আবু শাহরিয়ার অর্ণব (৩২) সোমবার সন্ধ্যায় গুলিতে নিহত হয়েছেন। নিহত অর্ণব জেলা ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক। গতকাল সন্ধ্যায় শহরের এমএম আলী রোডের প্রধান ডাকঘরের সামনে এ ঘটনা ঘটে। অর্ণবকে হাসপাতালে ভর্তির পরই বিশৃংখলা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, অর্ণব সোয়া ছয়টার দিকে ওই এলাকার নার্গিস এন্টারপ্রাইজে বসেছিলেন। এসময় মোটর সাইকেলে এসে ৩/৪ জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে নির্বিঘ্নে চলে যায়। তিনটি গুলি অর্ণবের শরীরে লাগে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। একটি সূত্র জানায়, কাস্টমসের নিলাম ব্যবসা নিয়ে একটি গ্রুপের সাথে তার দ্বন্দ্ব ছিল। বিভিন্ন সময় সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে পুলিশ কয়েকবার তাকে গ্রেফতার করে।