‌‘গণমাধ্যমকর্মীদের হঠাৎ ছাঁটাই কোনোভাবেই সমীচীন নয়’

আপডেট : ০৫ মে ২০১৯, ২০:০১

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রিন্ট বা ইলেকট্রনিক কোনো গণমাধ্যমকর্মীদেরই হঠাৎ ছাঁটাই কোনোভাবেই সমীচীন নয়। তাদের সংসার ও জীবনের কথা ভাবতে হবে। একান্ত প্রয়োজন হলে আগে থেকে নোটিশ এবং কয়েক মাসের বেতন দেয়ার বিষয়টি অবশ্যই বিবেচনা করা উচিত।’

রবিবার সন্ধ্যায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে প্রয়াত বরেণ্য সাংবাদিক মো. শাহ আলমগীর স্মরণে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত নাগরিক শোকসভায় বক্তৃতাকালে তিনি একথা বলেন। 

বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, বেগম আলমগীর, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান এমপি, প্রখ্যাত অভিনেতা হাসান ইমাম, প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ গণমাধ্যম ব্যক্তিরা বক্তব্য দেন। জ্যেষ্ঠ সাংবাদিক ও গবেষক রহমান মুস্তাফিজ সঞ্চালনা করেন। 

আরো পড়ুন: স্পেনের বার্সেলোনায় বাংলাদেশি পরিচালিত পাচারকারী চক্র আটক

তথ্যমন্ত্রী এসময় প্রয়াত শাহ আলমগীরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তার কাছ থেকে আমাদের বহু কিছু শেখার আছে। তিনি এমন মানুষ যার কোনো শত্রু ছিল না, থাকলেও তারা তাকে ভালোবাসতো।’ 

গত ২৮ ফেব্রুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন শাহ আলমগীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গণমাধ্যমের সকল অঙ্গনের প্রতিনিধিদের স্মৃতিচারণে শোকসভায় হৃদয়বিদারক আবহ তৈরি হয়।

ইত্তেফাক/এমআই