মানবতাবিরোধী অপরাধের বিচারে আরো তিনজন বিচারক নিয়োগ হচ্ছে

আপডেট : ১২ মার্চ ২০১৩, ২২:২৬
মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আরো তিনজন বিচারক নিয়োগ করা হচ্ছে। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়াকে সরকার আপিল বিভাগে বিচারক হিসেবে নিয়োগ দিতে চাচ্ছে। তবে এ তালিকায় হাইকোর্টের আরো কয়েকজন বিচারকের নাম রয়েছে। এ নিয়ে ইতিমধ্যে আইনমন্ত্রী প্রধান বিচারপতির সঙ্গে কয়েক দফা কথা বলেছেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলার আপিলকে সামনে রেখে আপিল বিভাগে বিচারকের সংখ্যা সাত থেকে এগারোতে উন্নীত করে। বিচারকের সংখ্যা এগারোতে উন্নীত হওয়ার পর প্রধান বিচারপতি আপিল বিভাগে তিনটি বেঞ্চও গঠন করেন। কিন্তু ২০০৯ সালের ২২ ডিসেম্বর প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন, ৩১ ডিসেম্বর বিচারপতি জয়নুল আবেদীন ও বিচারপতি আব্দুল আজিজ অবসরে যান। এর এক মাস পর ৮ ফেব্রুয়ারি অবসরে যান আরেক প্রধান বিচারপতি মো: তাফাজ্জাল ইসলাম ও বিচারপতি বিজন কুমার দাস। কয়েক বছর ধরেই ৫টি পদ শূন্য রয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি থেকে আপিল বিভাগের বেঞ্চ সংখ্যা বাড়ানোর জন্য লিখিতভাবে আবেদন করা হলেও তা গ্রাহ্য করা হয়নি। বর্তমানে ১১ জন বিচারকের বিপরীতে ৬ জন বিচারক আপিল বিভাগে রয়েছেন। তিনজন বিচারক নিয়োগ দেয়া হলে তাদের নিয়ে আপিল বিভাগে আরেকটি বেঞ্চ গঠন করা হবে। ওই বেঞ্চে মানবতাবিরোধী অপরাধের আপিলের শুনানির সম্ভাবনা রয়েছে।