শ্যামনগরে আশরাফ-ইব্রাহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের যাত্রা শুরু

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২১:১৫
শ্যামনগরের শ্রীফলকাটিতে আশরাফ-ইব্রাহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করলেও এটির প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী বিজ্ঞানী ড. আবু সিদ্দিকী খোকন। প্রায় সাত একর জমিতে হাসপাতালটি গড়ে উঠেছে। সুন্দরবন সংলগ্ন আশরাফ-ইব্রাহিম হাসপাতালটি দক্ষিণ-পশ্চিম জনপদের মানুষের চিকিত্সা সেবায় ব্যাপক ভূমিকা রাখবে- এমন প্রত্যাশা কর্তৃপক্ষের। বিশাল কমপ্লেক্সে শিক্ষার্থীদের জন্য থাকবে পৃথক আবাসিক হল, নার্সিং ইনস্টিটিউট। গত রবিবার পতাকা উত্তোলন ও ফলক উন্মোচনের মাধ্যমে হাসপাতালের বহির্বিভাগের উদ্বোধন করেন আশরাফ আলী গাজী ও ড. আবু সিদ্দিকী খোকন। ওইদিন ৪০০ জন রুগীকে বিনামূল্যে চিকিত্সা সেবা ও ওষুধ প্রদান করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আশেক-ই-এলাহী, হাসপাতালের সমন্বয়কারী ডাক্তার গ ম আব্দুস ছালাম আযাদ, আব্দুল ওহাব, আমেনা বেগম, শহিদুল ইসলাম, ইলিয়াসুর রহমান পাভেল, অধ্যাপক দেবপ্রসাদ মণ্ডল প্রমুখ।