টালিউডে অভিষেক হচ্ছে মডেল রুহির

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২১:২৯
র্যাম্প মডেল রুহির চলচ্চিত্রে অভিষেক ঘটছে এদেশে নয়। কলকাতার কমার্শিয়াল ছবি দিয়েই তার চলচ্চিত্রে যাত্রা শুরু হচ্ছে। বলিউডের পুরস্কার জয়ী চলচ্চিত্র ‘কাহিনী’ ছবিখ্যাত পরমব্রতের বিপরীতে কাজ করছেন মডেল অভিনেত্রী রুহি। এ প্রসঙ্গে রুহি বলেন, আসলে এমন না যে, দেশীয় চলচ্চিত্রে আমার আগ্রহ নেই। বরং এখানকার চলচ্চিত্রের মাধ্যমেই আমার অভিষেক হবার কথা ছিল। চুক্তিও হয়েছিল; কিন্তু নানা টালবাহানায় যখন পেছাতে থাকে তখন আমার বিরূপ ধারণা তৈরি হয়। তবুও বলছি, দেশীয় যে কোনো ভাল গল্পের ছবির অফার পেলে আমি অবশ্যই করতে চাই। উল্লেখ্য, দেশে শাকিব খানের বিপরীতে রুহি একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে কিছু জটিলতার কারণে সেই ছবির কাজ আর হয়নি। এদিকে রুহি অভিনীত আরো একটি চলচ্চিত্র ‘সংগ্রাম’ ইতিমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফেস্টিভ্যালের জন্য মনোনীত হয়েছে। ছবিটি ভারত-বাংলাদেশসহ একাধিক দেশে একযোগে মুক্তি পাবে।