এককালের শস্য ভান্ডার হিসাবে খ্যাত দেশের দক্ষিণাঞ্চলের সেই ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়ায় গড়ে তোলা হচ্ছে সর্ববৃহত্ বীজ উত্পাদন খামার। এ লক্ষ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) তত্ত্বাবধানে গ্রহণ করা হয়েছে মানসম্মত বীজ উত্পাদনের মহাপরিকল্পনা। সেখানকার তিনটি মৌজায় অধিগ্রহণ করা হয়েছে সহস্রাধিক একর আবাদী জমি। দক্ষিণ উপকূলীয় অঞ্চলে (বরিশাল ও পটুয়াখালী) বীজবর্ধন খামার এই প্রকল্প বাস্তবায়িত হলে দশমিনা হবে দেশের সর্ববৃহত্ বীজ ভান্ডার। জাতীয় শস্য উত্পাদনের সাথে বৃদ্ধি পাবে আরো ৯ লাখ টন খাদ্যশস্য। আগামী ১৯ মার্চ বিএডিসির খামার বিভাগের এই প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঁশবাড়ীয়ায় আসছেন। পরে কুয়াকাটা-বরিশাল মহাসড়কের পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীর উপর চার লেন বিশিষ্ট লেবুখালী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এখানে মতবিনিময় সভা শেষে তিনি পিরোজপুরে যাবেন। প্রকল্প পরিচালক মোঃ মিজানুর রহমান জানান, দক্ষিণাঞ্চলের জলবায়ু উপযোগী উন্নত বীজ উত্পাদন ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এই বীজ বর্ধন খামার স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
