জেএসএসের কর্মী হত্যায় ইউপিডিএফের নিন্দা

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২১:৩৫
খাগড়াছড়ি প্রতিনিধি রাঙামাটির লংগুদু উপজেলাধীন দজরপাড়ায় জনসংহতি সমিতির তিন কর্মী নিহত হওয়ায় ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও এক যুক্ত বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামের সাত সংগঠন, গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর সভাপতি নতুন কুমার চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর সভাপতি সুমেন চাকমা ও সাধারণ সম্পাদক থুইক্য চিং, হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)-এর সহ:সভানেত্রী নিরূপা চাকমা, সাজেক নারী সমাজ (এসএনএস)-এর সভানেত্রী নিরূপা চাকমা, সাজেক ভূমি রক্ষা কমিটি (এসবিআরসি)-এর সভাপতি জ্ঞানেন্দু চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি (জিএনএনপিসি)-এর আহ্বায়ক সুমতি চাকমা ও প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়াড (পিএসএস)-এর সদস্য সচিব আনন্দ প্রকাশ চাকমা। পত্রিকায় প্রদত্ত বিবৃতিতে লংগুদুতে চোরাগোপ্তা হামলাকে অত্যন্ত কাপুরুষোচিত ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ বাধাগ্রস্ত করার সুদূরপ্রসারী ষড়যন্ত্র বলে মন্তব্য করেন এবং সন্তু লারমাকে পার্বত্য চট্টগ্রামের মানবতাবিরোধী যুদ্ধাপরাধী রাজাকারের সাথেও তুলনা করেছেন।