বিনোদন রিপোর্ট
শেষ হলো রিয়্যালিটি শো ‘সানসিল্ক ডিভাস’। হাজার হাজার রেজিস্ট্রেশনের মধ্যে থেকে চার বিচারকের নম্বরের ভিত্তিতে ফাইনালিস্ট ৭ জন প্রতিযোগীর মাঝ থেকে উঠে এসেছে চার বিজয়ী অন্তরা রহমান, মুস্তারিন আহমেদ শীতল, সুনন্দা শারমিন ও ফেরদৌসি মৌমিতা। এদের নিয়েই তৈরি হচ্ছে দেশের প্রথম অল-গার্ল প্রফেশনাল মিউজিক ব্যান্ড।
নতুন এই অল-গার্ল ব্যান্ড সনি ডিএডিসির সাথে দুটি অ্যালবামের জন্য চুক্তিবদ্ধ হয়েছে, যা প্রচারিত হবে আন্তর্জাতিকভাবে। তাঁরা বলিউড সিনেমার একটি গানও গাইবেন। ফাইনাল অনুষ্ঠানের শেষ অংশে এই নতুন ব্যান্ড জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেলের সাথে পারফর্ম করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর নাফিস আনোয়ার, সনি ডিএডিসির ডিরেক্টর ও হেড অব ইন্ডিয়া জজি মাম্মেন, হোন্ডা গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশেকুর রহমান এবং ক্রেইন্সের ম্যানেজিং ডিরেক্টর রাবেত খান। পুরো অনুষ্ঠানটি ছিল একটি মিউজিক, লাইট, লেজার ও অ্যানিমেশনের চমত্কার প্রদর্শনী। অনুষ্ঠানে বিচারকদের আসনে ছিলেন আলিফ আলাউদ্দিন, হূদয় খান, জোহাদ রেজা চৌধুরী ও সারমিন সুলতানা সুমি। চার বিচারকের পাশাপাশি জনপ্রিয় কণ্ঠশিল্পী এলিটা অনুষ্ঠানে পারফর্ম করেন।
