হাতিয়ার চরাঞ্চলে বিশুদ্ধ পানির তীব্র সংকট

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২২:৫০
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া। হাতিয়া উপজেলার মুল ভূখণ্ড থেকে বিছিন্ন হরনী, চানন্দী ও নিঝুম দ্বীপে। ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চলে বিশুদ্ধ পানির তীব্র সঙ্কট। বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া, আমশয়, কলেরাসহ পানিবাহিত রোগ-ব্যাধিতে ভুগতে হচ্ছে লোকজনকে। চলতি মৌসুমে চরের সাধারণ ভূমিহীনদের তৈরি রিংওয়েল, নলকূপ, কুয়া, ও ডোবা অনেকগুলো শুকিয়ে গেছে। উপজেলার বয়ারচর, নলেরচর, ক্যরিংচর, নিঝুম দ্বীপ, দমারচর, ঢালচরসহ বিছিন্ন চারাঞ্চলে বিশুদ্ধ পানির জন্য প্রয়োজনীয় গভীর নলকূপ নেই। ফলে সন্ধ্যা থেকে নারী-পুরুষ দল বেঁধে পানির জন্য ছুটে চলে এক গাঁ থেকে আরেক গাঁয়ে। স্থানীয়রা জানায়, হাতিয়া উপজেলার এসব চরে প্রায় ২ লাখ ভূমিহীন লোকের বসবাস। নদী ভাঙ্গনের কবলে পড়ে মূল ভূখণ্ড থেকে শেষ আশ্রয়ের জন্য বিছিন্ন এসব চরে গিয়ে বসবাস শুরু করেন তারা। এসব চরে জনবসতি শুরু হওয়ার পর অদ্যবধি প্রয়োজনীয় গভীর নলকূপ স্থাপন করা হয়নি। তাই চরবাসীরা পুকুর, ডোবা কিংবা নদীর পানি ফুটিয়ে পান করে। ডায়রিয়া, কলেরা, জন্ডিস, এলার্জিসহ নানা রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।