নাটোরে হরি মন্দিরে ৪টি প্রতিমা ভাঙচুর

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২২:৫৬
নাটোরের সিংড়ায় ৩নং ইটালি ইউনিয়নের পাকুরিয়া গ্রামের হরি মন্দিরের ৪টি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ, উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, ইউএনও সাইফুর রহমান খান প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোপাল বিহারী দাস ও যুগ্ম সম্পাদক চাঁন মোহন দাস বলেন,একটি মহল সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত। পাকুরিয়া হরি মন্দির কমিটির সভাপতি মনিন্দ্রনাথ পাল বলেন, পাকুরিয়া গ্রামে হিন্দু-মুসলমানের মধ্যে সম্প্রীতি বিরাজমান।তবে কেউ কেউ এ ঘটনায় আতংক সৃষ্টির সুযোগ নিতে চাইছে। এলাকাবাসী জানিয়েছে, পাকুরিয়া গ্রামে হরিমন্দির শত বছরের পুরানো। গ্রামের নিরীহ লোকজনকে হয়রানির জন্য এমন জঘন্য কাজ করা হয়েছে। এবিষয়ে মন্দির কমিটির সাধারণ সম্পাদক অজিত মোহন দাস জানান, রাত ১টার পর কে বা কারা মন্দিরের কাঠের দরজার কব্জা ভেঙ্গে ৪টি প্রতিমা ভাংচুর করে। সকালে এক ভক্ত পূজা করতে গিয়ে বিষয়টি দেখে খবর দিলে তিনি ঘটনাস্থলে পৌঁছে মন্দিরের ভেতরে ভাংগা মূর্তিগুলো দেখতে পান।