কাশ্মীর সমস্যা সমাধান করতে দেবে না জঙ্গিরা

আপডেট : ১৩ মার্চ ২০১৩, ২২:৫৮
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বলেছেন, ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরাজমান কাশ্মীর সমস্যার সমাধান করতে দেবে না জঙ্গিরা। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে হিনা রাব্বানি এ মন্তব্য করেন। এদিকে গতকাল বুধবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলায় ভারতের ৫ সেনা নিহত এবং বেসামরিক ব্যক্তিসহ ৫ জন আহত হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। গতকাল পাকিস্তানের নিউজ ডেইলির প্রতিবেদনে বলা হয়, হিনা রাব্বানি বলেন, বর্তমান অবস্থায় ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি করাটাই শ্রেয়। এতে ভারতের জনগণ সমস্যা সমাধানে সরকারকে চাপ প্রয়োগ করতে পারবে। এর মাধ্যমে আমরা কাশ্মীরের জনগণকে বর্তমান অবস্থা থেকে পরিত্রাণ দিতে পারবো। ভারত এ মুহূর্তে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনায় আগ্রহী নয়। তিনি আরো বলেন, আমরা দুর্বল না। আমরা জানি কীভাবে সমস্যার সমাধান করতে হয়। এদিকে কাশ্মীরে হামলার দায়িত্ব স্বীকার করেছে পাকিস্তানপন্থি জঙ্গি দল হিজবুল মুজাহিদীন। ক্রিকেট খেলোয়াড়ের পোশাকে দুই জঙ্গি কাশ্মিরের শ্রীনগরের আধাসামরিক বাহিনীর ক্যাম্পে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলিবর্ষণ করে। এতে ৫ সেনা নিহত হয়। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) পাল্টা গুলিতে দুই জঙ্গিও নিহত হয়। হামলাকে আত্মঘাতী বলে বর্ণনা করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।