আরিফুর রহমান
বাংলাদেশের অন্যতম বৃহত্ আইটি ও প্রযুক্তি বিনিয়োগ গ্রুপ ইজেনারেশন যুক্তরাজ্যভিত্তিক ফিনটেক কোম্পানি টিক টাকা লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এথিক্যাল ট্রেড ফিন্যানস প্লাটফর্ম টিক টাকা গ্লোবাল সাপ্লাই চেইনের মাধ্যমে শ্রম অনুশীলনকে উন্নত করতে কাজ করে। টেকসই আচরণকে উত্সাহিত করে টেকসই আমদানি লক্ষ্য অর্জন, সরবরাহের নিরাপত্তা এবং ব্যবসায়িক সম্পর্ক উন্নত করতে সহায়তা করে। প্রধানত বাংলাদেশের তৈরি পোশাক খাতকে লক্ষ্য রেখে কারখানাগুলোকে নৈতিক ও টেকসই আচরণ গ্রহণ করার মাধ্যমে দ্রুত ও সুলভ ফিন্যান্সিং প্রণোদনা দেবে।
গত বছর ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ফিনটেক চ্যালেঞ্জ বিজয়ী এবং বর্তমানে যুক্তরাজ্যের ফিন্যানস ইনোভেশন ল্যাবের অংশগ্রহণকারী টিক টাকা বিস্তর জ্ঞান ও সর্বশেষ প্রযুক্তি নিয়ে কাজ করার অভিজ্ঞতার ওপর ভিত্তি করে ইজেনারেশনের সাথে চুক্তি করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম সফটওয়্যার কোম্পানি যেটি আইপিওতে আবেদন করেছে। চুক্তি অনুযায়ী, ইজেনারেশন ব্লকচেইন টেকনোলজির সক্ষমতা এবং গ্লোবাল সাপ্লাই চেইন অনুশীলনের রূপান্তরের সমন্বয়ে একটি ক্লাউডভিত্তিক সল্যুউশন তৈরি করবে এবং পাইলট প্রকল্প হিসেবে প্রয়োগ করা হবে।
ইজেনারেশন লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট এমরান আবদুল্লাহ এবং টিক টাকার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাসলিমা বেগম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ইজেনারেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইজেনারেশন গ্রুপের নির্বাহী ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল ইসলাম এবং টিক টাকার উপদেষ্টা কাসফিয়া ফারহিন।
ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান বলেন, শীর্ষস্থানীয় উদ্ভাবনী সল্যুউশন এবং কম খরচে আইটি সল্যুউশন সেবার মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে ইজেনারেশন কায়মনোবাক্যে কাজ করে চলেছে। এই লক্ষ্য অর্জনে আমরা সর্বাধুনিক প্রযুক্তি যেমন আর্টিফিসিয়াল ইন্টেলিজেনস, ডাটা অ্যানালাইসিস, ব্লকচেইন এবং সাইবার নিরাপত্তায় নিজস্ব বিশেষজ্ঞ টিম তৈরি করেছি। আমরা খুবই আনন্দিত যে আবারো আমাদের বিশ্বমানের প্রযুক্তি ও ব্যবসায় দক্ষতার মাধ্যমে আরেকটি আন্তর্জাতিক গ্রাহকের আস্থা অর্জন করতে পেরেছি।
টিক টাকার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাসলিমা বেগম বলেন, বর্তমানে সাপ্লাই চেইনের মাধ্যমে কর্পোরেটগুলো তাদের সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার কীভাবে পূরণ করছে তা রূপান্তরের জন্য ব্যবসায়গুলোর সুযোগ তৈরি হয়েছে। স্টান্ডার্ড প্রায়ই এমন খরচে আসে যা বাস্তবিকভাবে সবসময়ই সুফল হয় না। একইসঙ্গে, বাংলাদেশের সরবরাহকারীরা আর্থিক প্রতিবন্কতার মুখোমুখি হন এবং পেমেন্ট গ্যাপ পূরণে ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন হয়। তিনি আরো বলেন, টিক টাকা সরবরাহকারীদের ভালো ফিন্যানস টার্মস অ্যাক্সেসের সুযোগ দিয়ে এবং তাদের স্টান্ডার্ড ও প্র্যাকটিসকে উন্নত করতে প্রণোদনা প্রদান করে। এখনো অনেক কিছু করার বাকি আছে কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে, ইজেনারেশন একটি প্লাটফর্ম তৈরি করতে সক্ষম যা আমাদের স্বচ্ছ ও দায়িত্বশীল গ্লোবাল সাপ্লাই চেইন তৈরিতে আরো এগিয়ে নিয়ে যাবে।
ইজেনারেশন গ্রুপের নির্বাহী ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল ইসলাম বলেন, ইজেনারেশন সফলভাবে টেকনোলজি সল্যুউশন তৈরি করেছে এবং ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, কানাডা, সৌদি আরব, রাশিয়া, উগান্ডা ও ফিলিপাইনের আইসিটি প্রকল্প বাস্তবায়ন করেছে। এই চুক্তির মাধ্যমে আমাদের গ্রাহক তালিকায় আরো একটি যুক্তরাজ্যের কোম্পানি যুক্ত হলো।
