ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গতকাল বৃহস্পতিবার খুব ভোরে চুনকুটিয়া পূর্বপাড়া এলাকায় এক ভ্যান চালককে ধারালো ছুরি দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করেছে ছিনতাইকারীরা। নিহত ব্যক্তির নাম মোঃ ইব্রাহিম (৫৫)। থানা পুলিশ নিহতের লাশ সকালে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক আব্দুল মান্নান মুন্সী জানান, নিহত ইব্রাহিম নিজের ৫/৬টি ভ্যান অন্যের নিকট ভাড়া দিতো এবং নিজেও একটি ভ্যান চালাতো। সে খুব ভোরে তার ভ্যান নিয়ে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে পূর্ব চুনকুটিয়া এলাকায় পৌঁছলে একদল ছিনতাইকারী তাকে ঘিরে ধরে এবং তার কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় সে বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে একাধিকভাবে আঘাত করে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।
