জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে ‘লাঞ্ছিত’ করার অভিযোগে বৃহস্পতিবার পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মবিরতি পালন করেছে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।
শিক্ষকদের বার্ষিক ‘বই ভাতা’ হ্রাস করার বিষয় নিয়ে গত রবিবার কয়েকজন শিক্ষকের সঙ্গে উপ-পরিচালক (অর্থ ও হিসাব) সৈয়দ আহম্মদের মধ্যে বাকবিতণ্ডা হয়। কর্মকর্তা সমিতি ওই অভিযোগে এ কর্মবিরতি পালন করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি মীমাংসা করার আশ্বাস দেন। এ বিষয়ে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি আক্তারুজ্জামান ইত্তেফাককে বলেন, ছাত্রলীগের আশ্বাসে আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছি তবে আমাদের দাবি পূরণ না হলে আমরা আবার কর্মবিরতি চালিয়ে যাবো। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে বৈঠক এবং এর পর প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। সমাবেশে বক্তারা গত রবিবারের ঘটনা তদন্তের জন্য কমিটি গঠনের দাবি জানান।
অভিযুক্তদের অন্যতম ফার্মেসি বিভাগের শিক্ষক ফিরোজ আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিষয়টি জানতে আমরা রেজিস্ট্রারের কাছে গিয়েছিলাম। তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’ এ বিষয়ে উপ-পরিচালক (অর্থ ও হিসাব) সৈয়দ আহম্মদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট আইন অনুযায়ী এ ভাতা ১২ শত টাকা। কিন্তু গত তিন অর্থ বছর ধরে দুই হাজার টাকা দেয়া হচ্ছে।
