বরিশাল বিমানবন্দরের পূর্বপাশ দিয়ে যে সড়কটি বাবুগঞ্জ উপজেলা হয়ে মুলাদী উপজেলা সদর পর্যন্ত বিস্তৃত সেটিই রহমতপুর-মুলাদী সড়ক। এই সড়কের বিশেষ করে বিমানবন্দর এলাকা, বাবুগঞ্জ কলেজ রোড, লোহালিয়া, মীরগঞ্জ ছাড়াও মুলাদী অংশের দরিচর, পশ্চিম তেরচর এলাকার রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তার দু পাশে বড় বড় গর্ত হয়ে গেছে। বাসের চাকা ঐসব গর্তের মধ্যে পড়ে অনেক সময় আটকে যায়। ঘটে মারাত্মক দুর্ঘটনা। রাস্তার এই দুরবস্থার জন্য প্রায় ভাড়ায়চালিত মোটর সাইকেলে দুর্ঘটনা ঘটে। রাস্তার অবস্থা খারাপ হওয়ার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষকে। সবচেয়ে বেশি দুর্ভোগ মুমূর্ষু রোগীদের। পণ্যবাহী ট্রাক, লরি ও ঝুঁকির মধ্যে চলাচল করে। রাস্তাটি যথাযথভাবে সংস্কার না হওয়াতে দিন দিন দুর্ঘটনা বেড়েই চলেছে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ উদ্যোগ নিলে এলাকাবাসী উপকৃত হবে।
এস.এম. জহিরুল ইসলাম, মুলাদী প্রেসক্লাব, বরিশাল
