গাজীপুরে পৃথক দুটি মামলার রায়ে সহোদরসহ সাত জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। শ্রীপুর থানার রাজেন্দ্রপুর এলাকার ব্যবসায়ী মোশাররফ হোসেন হত্যা মামলায় সহোদরসহ ছয় জন এবং জয়দেবপুর থানার নয় বছরের শিশু শাহানাজ বেগমকে ধর্ষণের অভিযোগে পৃথক আদালত ওই দণ্ড প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ১ এপ্রিল গাজীপুরের শ্রীপুরের রাজেন্দ্রপুর এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মোশাররফ হোসেন (৩২) পূর্বশত্রুতার জের ধরে খুন হয়। এ ঘটনায় নিহতের ভাই মোবারক হোসেন বাদী হয়ে ছয় জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করলে পুলিশ তাদের গ্রেফতার করে। পরে পুলিশ আহম্মদ আলী ও তার ভাই মোহাম্মদ আলী এবং মনির হোসেন, আতিকুল ইসলাম, বাবুল ওরফে মঞ্জুর ও আহাম্মদ আলীর বোন জামাই রায়হান ওরফে রিংকুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্য প্রমাণ শেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগম সকল আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, নগদ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রিংকুর বাড়ি কাপাসিয়া উপজেলার রাওনাত গ্রামে এবং বাকিদের বাড়ি শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি মো. জাকির হোসেন।
অপরদিকে একইদিনে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত নয় বছরের শিশু শাহানাজ বেগমকে ধর্ষণ মামলার রায়ে মো. গোরফান নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ফাতেমা নজীব এ রায় প্রদান করেন। ঘটনার পর থেকেই গোরফান পলাতক রয়েছে।
