সকল যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি ফাঁসিসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন গতকাল ৩৮ দিন পার করেছে। আজ শুক্রবার বিকালে আশুলিয়ায় একই দাবিতে সমাবেশ করবে মঞ্চ। শাহবাগের বাইরে এবং ঢাকার বাইরে মঞ্চের পরিধি ছড়িয়ে দেয়া এবং জনগণকে একাত্ম করার কর্মসূচির অংশ হিসাবে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
সংগঠকরা জানিয়েছেন, আগামী ২০ মার্চ শাহবাগে সমাবেশ অনুষ্ঠিত হবে। আর পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১৬ মার্চ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রীতি সমাবেশের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
এদিকে চট্টগ্রামের সমাবেশে শাহবাগের গণজাগরণ মঞ্চের সংগঠকদের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে। একইসাথে শাহবাগে স্লোগানে স্লোগানে আন্দোলন চালিয়ে যেতে অটল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন তরুণরা।
মঞ্চের অন্যতম সংগঠক এবং জাসদ ছাত্রলীগের সভাপতি হোসাইন আহমেদ তফছির বলেন, চট্টগ্রামের সমাবেশে আমাদের কয়েকজন সংগঠককে যেতে বাধা দেয়ার ঘটনা দু:খজনক। তবে একটি প্রতিনিধিদল সেখানে অবস্থান করছে। আশুলিয়ায় বিকাল তিনটায় সমাবেশ শুরু হবে। সমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২০ মার্চ শাহবাগে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।
গত ৫ ফেব্রুয়ারি জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের পর বিক্ষোভে ফেটে পড়ে তারুণ্য। সৃষ্টি হয় গণজাগরণ। ছয় দফা বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে এ আন্দোলন চলছে।
