টেলিকম খাতের দুর্নীতি ও অবৈধ ভিওআইপি এবং বেসরকারি অপারেটরদের রাজস্ব ফাঁকি বন্ধ করা গেলে প্রতি দুই বছরে একটি করে পদ্মা সেতু নির্মাণ কোন কঠিন কাজ নয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সমপর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুস সাত্তার এ কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই অবৈধ ভিওআইপি কল ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছিল। বর্তমান সরকারের প্রথম অর্থবছরে আন্তর্জাতিক কল মিনিটে ৩ কোটি থেকে বেড়ে ৫ কোটি হয়েছিল। এখন আবার তা কমে মিনিটে তিন কোটিতে দাঁড়িয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধ ভিওআইপি বন্ধের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। এক্ষেত্রে প্রয়োজনে সর্বাধুনিক প্রযুক্তিগত ‘শনাক্তকরণ ডিভাইস’ স্থাপনের পরামর্শ দেয়া হয়েছে। এছাড়াও সরকারের অন্যতম রাজস্ব আদায়কারী খাত হিসাবে টেলিযোগাযোগ কার্যক্রমকে গতিশীল করার সুপারিশও করা হয়েছে।
সংসদ সচিবালয় জানায়, বৈঠকের শুরুতে ভিওআইপির বিষয়ে স্থায়ী কমিটির গঠিত উপ-কমিটির প্রতিবেদন, মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির প্রতিবেদন এবং বিটিসিএল’র প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ সময় ডাক বিভাগের ইলেকট্রনিক মানিঅর্ডার এবং মোবাইল ব্যাংকিং বিষয়েও আলোচনা করা হয়।
কমিটির সদস্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, হুইপ আ স ম ফিরোজ ও নজরুল ইসলাম বাবু বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া বিটিআরসি’র চেয়ারম্যান সুনীল কান্তি বোসসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
