মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
মহাদেবপুরে মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবককে থানায় তুলে এনে নির্মমভাবে পেটানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আহত যুবক জাহিদুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ভীমপুর গ্রামের খাজাউদ্দীন নামে এক ব্যক্তির মোবাইল ফোন চুরির অভিযোগে শনিবার রাতে উপজেলার ভীমপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের জাহিদুল ইসলামকে এ এস আই এনায়েত সরকার থানায় তুলে নিয়ে নির্মমভাবে মারপিট করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখানে অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
জাহিদুল ইসলামের ভাই হায়দার আলী অভিযোগ করেন, তার ভাইয়ের মুখ থেকে মোবাইল চুরির স্বীকারোক্তি নিতে গিয়ে পুলিশ তাকে পিটিয়ে আহত করে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন মারপিটের বিষয়টি অস্বীকার করে বলেন, থানায় নিয়ে আসার পর জাহিদুল ইসলাম অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
