রাজধানীর যাত্রাবাড়ীতে মোহাম্মদ শিপন (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, শিপন পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। তার বন্ধুরাই তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানা পুলিশ গতকাল সকালে তার লাশ উদ্ধার করে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, শিপন বুধবার রাতে শনির আখড়া বাগিচা রোডের বাগানবাড়ী এলাকার একটি রিকশার গ্যারেজে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এক পর্যায়ে তার বন্ধুরা তাকে শাবল দিয়ে পিটিয়ে ও গলা টিপে হত্যা করে। পুলিশ সকালে ঐ এলাকার বেশ কয়েক জায়গায় অভিযান চালিয়েছে। কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। থানায় হত্যা মামলা হয়েছে।
