আদমদীঘিতে স্কুল শিক্ষিকা অপহূত

আপডেট : ১৪ মার্চ ২০১৩, ২৩:০০
প্রকাশ্যে দিনের বেলা বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের জনবহুল এলাকা থেকে এক স্কুল শিক্ষিকাকে মাইক্রোবাসযোগে অপহরণ করেছে একদল দুর্বৃত্ত। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সান্তাহার ওয়ার্কশপ মসজিদের নিকটে অপহরণের ঘটনা ঘটে। অপহূতা উত্রাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। এই ঘটনায় আদমদীঘি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে ওই শিক্ষিকার পারিবারিক সূত্রে জানা গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিক্ষিকা অন্যান্য দিনের মত গতকাল বৃহস্পতিবার বাসা থেকে বের হয়ে বিদ্যালয়ে যাওয়ার জন্য ওয়ার্কশপ মসজিদের কাছে রাস্তায় যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি মাইক্রোবাস তার পাশে এসে দাঁড়ায় এবং কয়েকজন সন্ত্রাসী তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে নওগাঁ শহরের দিকে পালিয়ে যায়। আদমদীঘি থানার অফিসার্স ইনচার্জ তোজাম্মেল হক জানান, ঘটনাটি তিনি জেনেছেন এবং ওই শিক্ষিকাকে উদ্ধারের জন্য তত্পরতা চলছে।