গাড়ির জ্বালানী হিসেবে তেল, পেট্রোল, অকটেন, ডিজেল, গ্যাস কিংবা বড়জোর বিদ্যুত্শক্তি ও সৌরশক্তির কথা শুনে থাকতে পারেন। কিন্তু কফির মতো একটি পানীয়র সাহায্যেও যে দিব্যি চলতে পারে একখানা গাড়ি তা হয়তো অনেকেরই অজানা। আর এই অজানার জগতেই এবার কফি চালিত একটি গাড়ি দিয়ে গতির ঝড় তুলে সবাইকে রীতিমতো চমকে দিয়েছেন ব্রিটেনের ইঞ্জিনিয়ার এবং খ্যাতনামা রূপান্তরবিদ মার্টিন বেকন। সম্প্রতি গ্রেটার ম্যানচেস্টারের স্টকপোর্টে অবস্থিত উডফোর্ড এয়ারফিল্ডে কফি দিয়ে চালানোর জন্য বিশেষভাবে রূপান্তরিত একটি ফোর্ড পি হান্ড্রেড ট্রাকের সাহায্যে ঘণ্টায় ১০৫.৪৫১ কিলোমিটার বা ৬৫.৫৩৬ মাইলের এই গতির রেকর্ড করেন মার্টিন বেকন যা এ পর্যন্ত কোনো কফিচালিত গাড়ির মাধ্যমে সবচেয়ে বেশি গতির রেকর্ড।
