জয়পুরহাটে লাগাতার পরিবহন ধর্মঘট

আপডেট : ১৫ মার্চ ২০১৩, ২১:৩৩
মোটর শ্রমিক ইউনিয়নের কতিপয় নেতার চাঁদাবাজি, ট্রেড ইউনিয়ন বিরোধী কার্যকলাপ ও রাস্তাঘাটে পরিবহন মালিকদের লাঞ্ছিত করার প্রতিবাদে জয়পুরহাট জেলার সকল রুটে লাগাতার পরিবহন ধর্মঘট শুরু করেছেন বাস মালিকরা। গত সোমবার থেকে শুরু হওয়া এই পরিবহন ধর্মঘটের যৌক্তিকতা তুলে ধরতে শুক্রবার জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে জয়পুরহাট জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমান। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি শামিমুল হোদা চৌধুরী পতন, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, টার্মিনাল সেক্রেটারি আনিছুর রহমান লিটন প্রমুখ। পরিবহন মালিকরা অভিযোগ করেন, মোটর শ্রমিক ইউনিয়নের লোকজন বেশ কিছুদিন ধরে পরিবহন মালিকদের হুমকি দিয়ে আসছে। হাসপাতাল ও শ্রমিক কল্যাণের নামে অবৈধভাবে লাখ লাখ টাকা চাঁদা আদায় করছে তারা। এ ব্যাপারে সদর ও পাঁচবিবি থানায় শ্রমিক নেতাদের নামে মালিকরা একাধিক সাধারণ ডায়েরি করেছেন। কিন্তু কোন প্রতিকার না পাওয়ায় জেলার সকল রুটে বাস চলাচল গত সোমবার থেকে বন্ধ রেখেছেন মালিকরা। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে বলে সংবাদ সন্মেলনে ঘোষণা দেয়া হয়।