কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে গতকাল সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আজহারুল ইসলাম মান্নানের ব্যক্তিগত সহকারী সেলিম হোসেন দিপু। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, ব্যক্তিগত কারণে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করতে পারছেন না। সেজন্য তিনি এ পদ থেকে পদত্যাগ করছেন।
পদত্যাগপত্রের কপি নির্বাচন কমিশনের সচিবালয় সচিব, ঢাকা বিভাগীয় কমিশনার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
জানা যায়, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। নির্বাচন করতে হলে চলতি দায়িত্ব থেকে জনপ্রতিনিধিদের পদত্যাগ করতে হবে।
