আখাউড়া-সিলেট রেললাইনের মাধবপুরের ইটাখোলা রেল স্টেশনে ভূগর্ভস্থ সিগন্যাল কেবল চুরির হিড়িক পড়েছে। এ স্টেশনটি ৩ বছর যাবত্ বন্ধ থাকায় এখানে রেলওয়ের কোন লোকজন থাকে না। এ সুযোগে প্রায় প্রতি রাতেই মাটি খুঁড়ে ভূগর্ভস্থ মূল্যবান সিগন্যাল কেবল চুরি করে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ চোরেরা। আখাউড়া-সিলেট রেললাইনে বন্ধ থাকা ৪টি রেল স্টেশনের মধ্যে এক সময়ের ঐতিহ্যবাহী মাধবপুরের ইটাখোলা রেল স্টেশন একটি। বিভিন্ন কারণে ২০১০ সালে এ স্টেশনটি বন্ধ করে দেয়া হয়। এলাকাবাসী জানিয়েছে তারপর থেকে চুরি শুরু হয়েছে স্টেশনে থাকা মূল্যবান রেল সম্পদ। এ প্রসঙ্গে রেলওয়ে পুলিশের শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর আলম টেলিফোনে জানান, ইটাখোলা রেল স্টেশনটি শ্রীমঙ্গল থেকে ৬০/৭০ কিলোমিটার দূরে। তাদের নেই কোন যানবাহন; তারপরও ইটাখোলা স্টেশনে কেবল চুরির বিষয়ে ২টি মামলা হয়েছে এবং ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। তিনি জানান, রেলের সম্পত্তি রক্ষার দায়িত্ব রেল কর্তৃপক্ষের, আর রেলওয়ে পুলিশ দেখে আইন-শৃঙ্খলা। রেল কর্তৃপক্ষকে ইটাখোলা স্টেশনে পাহারাদার নিয়োগের জন্য একাধিক চিঠি দেয়া হয়েছে। এ বিষয়ে রেলওয়ের ডিএসটিই (ঢাকা) মো. জাকারিয়া বলেন, স্টেশন মাস্টারের অভাবে ইটাখোলা রেল স্টেশনটি বন্ধ রয়েছে। রেলওয়ের বিভিন্ন বিভাগে প্রায় ৫০ ভাগ কর্মকর্তা-কর্মচারীর সংকট রয়েছে। চালু স্টেশনগুলোতেই প্রয়োজনীয় লোকবল দেয়া যাচ্ছে না তাই বন্ধ স্টেশনে কোন লোক দেয়া সম্ভব হচ্ছে না। ইটাখোলা স্টেশনে সবমিলিয়ে প্রায় ৮ কোটি টাকার মালামাল রয়েছে বলে তিনি জানান। গতকাল রাতেও বেশ কিছু কেবল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণের ধাওয়ায় মালামাল রেখে চোরেরা পালিয়ে গেছে।
