দেম্বেলেকে ঘিরে বার্সার শঙ্কা

আপডেট : ০৫ মে ২০১৯, ২১:৩৮

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন বার্সেলোনা লা লিগায় সেল্টা ভিগোর কাছে ২-০ গোলে হেরেছে। এই ম্যাচের শুরুতেই বার্সা উইঙ্গার ওসমান দেম্বেলে চোট নিয়ে মাঠ ছাড়েন। বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দের শঙ্কা, এই চোটের কারণে ফরাসি এই ফরোয়ার্ডকে বড় সময়ের জন্য হারালে মাসুলটা ভালোভাবেই দিতে পারে বার্সেলোনা।

আগের ম্যাচেই শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় শনিবার রাতে সেল্টার মাঠ বালাইদসে প্রথা অনুযায়ী প্রতিপক্ষের কাছ থেকে গার্ড অফ অনার পায় লিওনেল মেসিহীন বার্সেলোনা। ম্যাচে কাতালানদের সুখস্মৃতি কেবল ওই পর্যন্তই।

পঞ্চম মিনিটেই মাংসপেশীতে চোট নিয়ে মাঠ ছাড়েন দেম্বেলে। এরপর দ্বিতীয়ার্ধে সেল্টা ফরোয়ার্ড ম্যাক্সি গোমেজ ও ইয়াগো আসপাস গোল করে বার্সার দুর্দশার ষোলোকলা পূর্ণ করেন।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দেম্বেলের চোট নিয়ে ভালভার্দে বলেন, ‘দেখে মনে হচ্ছে মাংসপেশীতে চোট পেয়েছে সে। রবিবার তার চোটের পরীক্ষা হবার আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’

নেইমার বার্সেলোনা ছাড়ার পর তার শূন্যস্থান পূরণে গেল মৌসুমের শুরুতে বরুসিয়া ডর্টমুন্ড থেকে দেম্বেলেকে দলে ভিড়িয়েছিল বার্সেলোনা। এরপর থেকে দারুণ সব নৈপুণ্য দিয়ে দলের গুরুত্বপূর্ণ এক অংশ হয়ে ওঠেন তিনি।

আগামীকাল রাতে লিভারপুলের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগ খেলবে ভালভার্দের শিষ্যরা। প্রথম লেগে নিজেদের মাঠে তিন গোলের জয় নিয়ে লড়াইয়ে সুবিধাজনক অবস্থানেই আছে বার্সেলোনা। তারপরও ভালভার্দের আশঙ্কা বড় ম্যাচগুলো সামনে রেখে তার অনুপস্থিতি ভোগাবে তার দলকে।

বার্সা কোচের ভাষায়, ‘আমাদের জন্য সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আসন্ন বড় ম্যাচগুলোর কথা মাথায় রাখলে তার অনুপস্থিতি আমাদের জন্য বড় এক ধাক্কা।’

ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে ব্রাজিলীয় ফরোয়ার্ড কোটিনহো থাকলেও দেম্বেলের বদলি হিসেবে তাকে নামাননি ভালভার্দে। স্প্যানিশ এই কোচ জানালেন ফরাসি ফরোয়ার্ডের চোটের পর আর কোনো ঝুঁকি নিতে চাননি তিনি, ‘তার বদলি হিসেবে ফেলিপে কোটিনহোকে নামাইনি আমি। কারণ আমি আর কোনো ঝুঁকি নিতে চাচ্ছিলাম না।’

হারের কবলে পড়লেও ৫৫ বছর বয়সী এই কোচ জানালেন, অভিজ্ঞ খেলোয়াড়দের অনুপস্থিতিতে সুযোগ পাওয়া তরুণদের পারফরমেন্স সন্তুষ্ট করেছে তাকে। ভালভার্দের ভাষায়, ‘ম্যাচের বিভিন্ন মুহূর্তে আমরা আধিপত্য বিস্তার করে খেলছিলাম। তারপর তারা তাদের প্রথম গোলটা করলো এবং এটা তাদের সামনে চাপ বাড়িয়ে ম্যাচটা জিতে নেওয়ার সুযোগ করে দিয়েছিল। তাদের গোলের কোনো জবাব দিতে পারিনি আমরা।’

বার্সা কোচ আরো বলেন, ‘আমরা অনেকগুলো নতুন মুখ নিয়ে খেলতে নেমেছিলাম। এবং দ্বিতীয়ার্ধে আমাদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছি আমরা। প্রয়োজনীয় সমতাসূচক গোলটি আমরা করতে পারিনি।’