বগুড়ায় সোনার বারসহ দু’জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২০:৫৭
ঢাকা থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে সোনার বার বহনকালে দুইজনকে গ্রেফতার করেছে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাদের শরীর তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ১৫টি সোনার বার। দেড়শ’ তোলা ওজনের ওই বারের বাজারমূল্য ৮৫ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃতরা হলো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়ার শাহাবুল আলম (৪১) ও একই উপজেলার ভিমপুর গ্রামের মাজাহারুল ইসলাম (৩০)। বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কে শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজের কাছে অবস্থান নেয় ডিবির একদল পুলিশ। সেখানে ঢাকা থেকে হিলির উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি কোচ থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ওই দু’জনকে আটক করেন তারা। পরে তাদের শরীর তল্লাশি করে হাঁটুর নিচে বাঁধা অবস্থায় ১৫টি সোনার বার উদ্ধার করা হয়। আটক দু’জন পুলিশি জিজ্ঞাসাবাদে জানায়, ঢাকা থেকে ওই সোনার বারগুলো দিনাজপুরের বিরামপুরে মানিক নামে এক চোরাকারবারির কাছে তাদের পৌঁছে দেয়ার কথা ছিল। তবে ডিবি পরিদর্শক জানান, বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে তারা বহন করছিল। এ বিষয়ে বিস্তারিত তথ্য উদঘাটনের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।