আদমদীঘিতে আওয়ামী লীগ অফিস ও যুবলীগ নেতার বাসায় হামলা, ভাংচুর

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২০:৫৯
আদমদীঘির চাঁপাপুর বাজারে পূর্বশক্রতার জের ধরে শুক্রবার সকালে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে ভাংচুর এবং যুবলীগ নেতা শাহিনের বাসায় মধ্যযুগীয় কায়দায় হামলা চালিয়ে আসবাবপত্র ব্যাপক ভাংচুর করা হয়েছে। এসময় বাধা দিলে শাহিনের স্ত্রীকে মরিচ নিক্ষেপসহ মারপিট করে বাসায় রাখা স্বর্ণালংকার, নগদ টাকাসহ জিনিসপত্র লুটপাট করা হয়েছে বলে গৃহকর্ত্রী রোজিনা বেগম দাবি করেন। এ ঘটনায় আহত রোজিনা বেগমকে বগুড়া শজিমেকে ভর্তি করা হয়। হামলার সময় আতংকে ওই বাজারে সকল দোকান-পাট বন্ধ করা হয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এই ঘটনার পর থেকে আড়াইল তিন মাথায় ব্যারিকেড সৃষ্টি করে চাঁপাপুরমুখী সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েকদিন পূর্বে আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন পরিষদে ভিজিডি চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপিপন্থী ৬ সদস্যের সাথে যুবলীগ নেতা শাহিন ও তার লোকজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে যুবলীগ নেতা শাহিন ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী টুকুর মধ্যে চাপা ক্ষোভ ছিল। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে সহস্রাধিক লোক লাঠি. কুড়াল. হাসুয়া. দাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে চাঁপাপুর বাজারে বিক্ষোভ করে হামলা চালায় এবং ভাংচুর করে। অপহূত স্কুল শিক্ষিকা নাটোরে উদ্ধার, গ্রেফতার ১ আদমদীঘির সান্তাহার থেকে গত বৃহস্পতিবার অপহূত এক স্কুল শিক্ষিকাকে (২৩) প্রায় ৩৬ ঘণ্টা পর পুলিশ গত শুক্রবার রাতে নাটোর থেকে উদ্ধার এবং মূল আসামি প্রকাশ সঞ্চয় সরকারকে গ্রেফতার করেছে। পুলিশ জানায় গ্রেফতারকৃত প্রকাশ সঞ্চয় সরকার নাটোর ফায়ার সার্ভিস স্টেশন এলাকার কমল বিহারী সরকারের পুত্র। এদিকে গতকাল শনিবার ভিকটিম শিক্ষিকাকে জবানবন্দি গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লে¬খ্য, আদমদীঘির সান্তাহার পৌরসভার রথবাড়ী এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঐ শিক্ষিকা গত বৃহস্পতিবার সকালে তার কর্মস্থলে যাবার সময় সান্তাহার ওয়ার্কশপ জামে মসজিদের নিকট থেকে অপহূত হন। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে প্রকাশ সঞ্চয় সরকার, তার মা শ্রীমতি কমলা সরকার, ভাই বাবেন সরকার ও পিতা কমল বিহারী সরকারকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।