টেন্ডার ভাগাভাগি নিয়ে পিরোজপুরে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২০:৫৯
পানি উন্নয়ন বোর্ডের কোটি টাকার টেন্ডার ভাগাভাগি নিয়ে পিরোজপুরে ছাত্রলীগের নেতারা সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। গত শুক্রবার রাতে ছাত্রলীগের এক গ্রুপের নেতা-কর্মীদের হাতে প্রতিপক্ষের কতিপয় নেতা-কর্মী বেদম প্রহারের শিকার হন। এ সময় দুই গ্রুপের চারটি মোটর সাইকেল ভেঙ্গে চুরমার করা হয়। জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের পিরোজপুর বিভাগের আওতায় গত বৃহস্পতিবার ভেড়িবাধ নির্মাণের জন্য প্রায় এক কোটি টাকা মূল্যের ১১ গ্রুপে সমঝোতা টেন্ডার দাখিল হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদারের অভিযোগ সরকারী দলের তরুণ নেতারা প্রভাব সৃষ্টি করে সমঝোতার মাধ্যমে এ টেন্ডার দাখিল কাজ নিয়ন্ত্রণ করেন। তখন আওয়ামী লীগ ও যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের নির্মাণ কাজ ভাগ করে দেয়ার আশ্বাস দেয়া হয়েছিল। যে কারণে পেশাদার ঠিকাদারদের কেউ কেউ টেন্ডার সিডিউল পূরণ করেও তা দাখিল করেন নি বা করতে ব্যর্থ হয়েছেন। কিন্তু এই সমঝোতা প্রক্রিয়ায় নানা ভূমিকা গ্রহণকারী ছাত্রলীগের প্রথম সারির কতিপয় নেতা ১১ গ্রুপ কাজের দুই গ্রুপ দাবী করায় ভাগাভাগি নিয়ে মতবিরোধ দেখা দেয়। এর জের ধরে শুক্রবার রাতে টাউন ক্লাব মার্কেটে এ নেতারা প্রথমে বাদানুবাদে এবং পরে মারামারিতে লিপ্ত হয়।