চট্টগ্রামের চা বাগানে ৫ মাস বৃষ্টি নেই

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২১:০০
দীর্ঘ খরা কবলিত চট্টগ্রামের ২২টি চা বাগানের উত্পাদন নিয়ে গুরুতর শংকায় পড়েছে চা বাগান মালিকরা। বৃষ্টির দেখা নেই বলে চা বাগানের একটি কুড়ি দু’টি পাতা উত্তোলনযোগ্য হয়ে উঠেনি এখনো। গত অক্টোবর থেকে টানা ৫ মাস খরা ও বৃষ্টির অভাবে বাগানগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে। চট্টগ্রামের ফটিকছড়ির নেপচুন চা বাগানের ব্যবস্থাপক কাজী এরফান উল্লাহ ইত্তেফাককে জানান, খরা চলছে গত বছরের অক্টোবর থেকেই। চট্টগ্রামের চা বাগানের মালিকরা আশা করছিলেন মাঘ মাসের শেষে দুয়েক পশলা বৃষ্টি হলেই তারা মার্চ মাসের প্রথম থেকে বাগানের চা পাতা উত্তোলন শুরু করতে পারবেন। কিন্তু এখনো পর্যন্ত এখানে ছিটেফোঁটা বৃষ্টিরও দেখা নেই। চা বাগানের গাছগুলো হয়ে পড়েছে শীর্ণ। অংকুরোদগম না ঘটায় একটি কুড়ি দু’টি পাতার দেখা মেলেনি। চা পাতা উত্তোলনও শুরু হয়নি। এখনো বৃষ্টির প্রত্যাশা করা হচ্ছে। তবে এ বছর উত্পাদন হ্রাসের আশংকা বেড়েই চলেছে। তিনি বলেন, বৃষ্টি সময় মতো হওয়ায় ২০১২ সালে চট্টগ্রামে চা এর বাম্পার ফলন হয়েছিল। ফলন ভাল হয়েছিল সিলেটেও। । জানা গেছে চট্টগ্রাম, সিলেট উভয় অঞ্চলেই এবার খরা কবলিত হয়েছে বহু চা বাগান। ফলে এ বছর উত্পাদন হ্রাসের আশংকা বাড়ছেই।