জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্সের ছাত্রী মরিয়ম আক্তার হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে এ মানববন্ধন করেন তারা। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ভিসি মো. আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদারসহ গণিত বিভাগের শিক্ষকবৃন্দ। মানববন্ধনে এসে মরিয়ম আক্তার-এর মা মাসুদা বেগম কান্নায় ভেঙ্গে পড়েন। ভিসি মো. আনোয়ার হোসেন বলেন “মরিয়মের মত মেধাবী ছাত্রীকে হারিয়ে আমরা শোকাহত। হত্যার সাথে জড়িত সকলকে শাস্তির আওতায় আনার জন্য আমরা দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট আহ্বান জানাই।’ মানববন্ধন শেষে মৌন মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। ১২ মার্চ মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ গাজীপুর জেলার কালিগঞ্জ থানার ভাটিরা গ্রামে নিজ শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর মরিয়মের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন শনাক্ত করেন কালীগঞ্জ থানার তদন্ত পরিদর্শক। মরিয়মকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়।
