এসপিরিন সেবনে স্কিন ক্যান্সারের ঝুঁকি হ্রাস

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২১:০৯
এসপিরিন সেবনের উপকারিতা নিয়ে বিজ্ঞানীদের গবেষণার অন্ত নেই। সম্প্রতি এক গবেষণায় বিশেষজ্ঞগণ দেখেছেন নিয়মিত এসপিরিন ট্যাবলেট সেবনে মহিলাদের মারাত্মক স্কিন ক্যান্সার মেলানোমা রোগের ঝুঁকি হ্রাস পায়। বিশেষজ্ঞগণ ১২ বছর ধরে প্রায় ৬০ হাজার মহিলার ওপর গবেষণা চালান। এসব মহিলাদের বয়স ছিলো ৫০ থেকে ৭৯ বছর। ক্যান্সার জার্নালের অনলাইন সংস্করণে উল্লেখ করা হয় যে সমস্ত মহিলাগণ নিয়মিত এসপিরিন সেবনে অভ্যস্ত তাদের স্বাভাবিকের চেয়ে শতকরা ২১ ভাগ স্কিন ক্যান্সারের ঝুঁকি কম। কেন এসপিরিন সেবীদের স্কিন ক্যান্সারের ঝুঁকি হ্রাস পায় তার কোন সুনির্দিষ্ট কারণ বিশেষজ্ঞগণ বের করতে পারেননি। তবে বিশেষজ্ঞদের ধারণা এসপিরিন শরীরের কোষের বুড়িয়ে যাবার গতি থামাতে সাহায্য করে এবং টিউমার তৈরির জিনকে নিস্ক্রিয় করতে সাহায্য করে। এ কারণে হয়তবা এসপিরিনে স্কিন ক্যান্সারের ঝুঁকি হ্রাস পায়। তবে এ ব্যাপারে গবেষণার প্রধান অথার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডার্মাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড: জিন ওয়াই ট্যাং মনে করেন যে সমস্ত মহিলাদের মেলানোমা বা স্কিন ক্যান্সারের ঝুঁকি রয়েছে তারা এসপিরিন সেবনের বিষয়ে বিশেষজ্ঞগণের সঙ্গে আলাপ করতে পারেন। তবে স্কিন ক্যান্সার রোধে সকল মহিলাগণকে এসপিরিন সেবন করতে হবে এটা বলার সময় হয়নি।