আগামী ৬ এপ্রিল সারাদেশ থেকে ঢাকামুখী লংমার্চ সফল করতে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটি গঠন করা হয়েছে। কমিটি বলেছে, সরকার নবী প্রেমিকদের ঈমানী এ লংমার্চে বাধা সৃষ্টি করলে ৭ এপ্রিল থেকে লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচি দেয়া হবে। অপরদিকে লংমার্চ সফল করতে পাঁচটি সেল গঠন করা হয়।
শনিবার পুরনো ঢাকার লালবাগ মাদ্রাসায় অনুষ্ঠিত এক সভায় কমিটি ও সেল গঠন করা হয়। এসব কমিটি ও সেলের দায়িত্বে যারা রয়েছেন তাদের প্রায় সবাই ইসলামী ঐক্যজোটসহ সমমনা ইসলামী দলের রাজনীতির সাথে সংশ্লিষ্ট। হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক হচ্ছেন দেশ ও ঈমান রক্ষা আন্দোলনের আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী এবং সদস্য সচিব ইসলামী ঐক্যজোটের নায়েবে আমীর মাওলানা জুনায়েদ আল হাবীব। এছাড়াও মাওলানা নূর হোসাইন কাসেমীকে প্রধান করে অর্থসেল, মাওলানা আহলুল্লাহ ওয়াছেলকে প্রধান করে প্রচার সেল, মাওলানা সাখাওয়াত হোসাইনকে প্রধান করে আইনী সেল, মাওলানা সাইফুল ইসলামকে প্রধান করে মেডিক্যাল সেল এবং একটি মনিটরিং সেল গঠন করা হয়।
সভায় বলা হয়, আল্লাহ, রাসূল (স.) শরীয়ত ও ইসলাম অবমাননার প্রতিবাদ এবং নাস্তিক ব্লগারদের গ্রেফতারসহ শাস্তির দাবিতে হেফাজতে ইসলাম ঘোষিত ঢাকা অভিমুখে লংমার্চসহ অন্য সকল কর্মসূচি সফল করার জন্য এসব সেল কাজ করবে। কমিটি এ লংমার্চ সফল করতে দেশ ও ইসলামপ্রিয় জনতার প্রতি আহ্বান জানিয়েছে। কর্মসূচি সফল করে নাস্তিক ব্লগারদের শাস্তি নিশ্চিত করতে হবে।
