সুন্দরগঞ্জে মামলা প্রত্যাহার করতে নিহত শরিফুলের ভাইয়ের ওপর হামলা

আপডেট : ১৬ মার্চ ২০১৩, ২১:৩২
জামায়াত-শিবিরের হাতে গাইবান্ধার সুন্দরগঞ্জে নিহত শরিফুল ইসলামের (৩৫) ছোট ভাই শফিকুল ইসলামের (১৮) ওপর কয়েকজন দুর্বৃত্ত গতকাল শনিবার দুপুরে হামলা করে। এতে শফিকুলসহ তার মামা মফিজুল হক (৩৫) আহত হন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শফিকুল গতকাল সকালে বাড়ির পাশে তিস্তার নদীর শাখা বুড়াল নদীর চর ছাপড়হাটি ইউনিয়নের তেলিপাড়া এলাকায় গরুর খাবারের জন্য ঘাস কাটতে যায়। দুপুরের দিকে কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘেরাও করে মামলা তুলে নিতে চাপ দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মারপিট করতে শুরু করে। এ সময় মাঠে কাজ করতে থাকা তার মামা মফিজুলসহ লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা তাদের ওপরও হামলা চালায়। এ ঘটনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মফিজুল আহত হন। সুন্দরগঞ্জ থানার ওসি জানান, বিষয়টি পুলিশ তদন্ত করছে। উপজেলার গংসারহাট বাজারে গত ১ মার্চ সকালে পান সিগারেট দোকানি উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরান গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে শরিফুল ইসলামকে শিবির ক্যাডাররা পিটিয়ে হত্যা করে । এ নিয়ে নিহতের মামা হোসেন আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করে।