শেরপুর টাউনের মাধবপুর মহল্লার প্রাচীন মাধবপুর ক্লাবের পূজা মন্দিরে রক্ষিত সরস্বতী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা শুক্রবার রাতে ঐ প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটায় বলে মন্দির কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়।
মাধবপুর ক্লাবের সভাপতি দীলিপ কুমার পাল জানান, ৭৭ বছরের প্রাচীন এ মন্দিরে হিন্দু সম্প্রদায় পূজা-অর্চনা করে আসছে। এ পর্যন্ত এ ধরনের কোন ঘটনা ঘটেনি। দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা মন্দিরে রক্ষিত সরস্বতী প্রতিমা ভাঙচুর করে। তিনি এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। শনিবার সকালে শেরপুরের পুলিশ সুপার আনসুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, যারাই এ ঘটনায় জড়িত থাকুক তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
